নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্যসেবার মান, হাসপাতালের সার্বিক পরিবেশ, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, রোগীদের সেবাপ্রাপ্তি, স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা হয় এবং সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলা হয়। তারা চিকিৎসকের সেবা, ওষুধপ্রাপ্তি, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক সেবার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, হাসপাতালে আসা প্রতিটি রোগী যেন হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল সরকারি হাসপাতাল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনকালে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি 

















