বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা মাছ ধরার বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রোববার রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ জানতে পারে, একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে। খবর পাওয়ার পরপরই জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে নৌবাহিনী।
পরদিন সকালে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ‘এফবি আল আমিন’ নামের বোটটির সন্ধান পায় নৌবাহিনীর জাহাজটি। পরে বোটে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নৌবাহিনীর জাহাজটি বিকল বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় নিয়ে আসে। সেখানে বোটসহ জেলেদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে মাছ ধরতে সাগরে যান তারা। দুই দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসমান অবস্থায় আটকা পড়েন। এরপর টানা তিন দিন তারা সমুদ্রে বিপজ্জনক পরিস্থিতিতে ছিলেন।
উত্তাল সাগরে নৌবাহিনীর এই উদ্ধার অভিযান বিপদগ্রস্ত জেলেদের জন্য স্বস্তি এনে দিয়েছে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদে পড়া জেলে ও নৌযানকে উদ্ধারে নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।
খুলনা প্রতিনিধি 


















