ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার হওয়া দুই তরুণী প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন। সোমবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফেরা দুই তরুণীর একজনের বাড়ি খুলনায় এবং অপরজনের বাড়ি ময়মনসিংহে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের সংশ্লিষ্টদের যোগাযোগ ও প্রক্রিয়া শেষে সোমবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়।
সংগঠনটির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুই তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 


















