মানিকগঞ্জের সাত উপজেলাতেই চলতি মৌসুমে আমন ধানের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকদের বাড়তি আগ্রহ এবং অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
ডিএই সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ পরিমাণ জমি থেকে ৫০ হাজার ৮৭১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছিল।
তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ১৫ হাজার ৮৯৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যের তুলনায় অতিরিক্ত ২ হাজার ৫৯৭ হেক্টর জমিতে আমন চাষ করেছেন কৃষকরা।
ঘিওর উপজেলার বালিয়াকোড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ জানান, বোরো ধান কাটার পর অনেক কৃষক বাড়তি ফসল হিসেবে পতিত জমিতে আমন আবাদ করেন। এতে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল চাষের আগ্রহ বাড়ছে।
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, বোরো ধান কাটার পর তিনি তিন বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন, আমনে ভালো ফলন পাওয়ায় জেলার কৃষকদের মধ্যে এ ফসল চাষের আগ্রহ ক্রমেই বাড়ছে। ফলে চলতি মৌসুমে আমন আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
মানিকগঞ্জ প্রতিনিধি 








