মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমগ্রাম এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন স্থান থেকে ঢাল, রামদা, কাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানে থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, সময়মতো অভিযান পরিচালনার ফলে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পাখুল্লা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রাজৈর থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সংঘর্ষ বা সহিংসতার মতো পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর প্রতিনিধি 


















