নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশকারীদের বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন আদালতকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতি, বিচারপতি, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা রক্ষা করা জরুরি। এ কারণে এর আগেও সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সম্প্রতি রাতের বেলায় সুপ্রিম কোর্ট এলাকায় অপরিচিত ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের সময় প্রত্যেককে অবশ্যই নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় জরুরি প্রয়োজনে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















