জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭ উপলক্ষে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন তাঁর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য জানান, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতি পাওয়া গেছে। সমাবর্তন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং এ উদ্যোগের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অনলাইন নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে।
নিবন্ধন, আবেদন ফি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ওয়েবসাইটে।
শিক্ষা, বিশ্ববিদ্যালয় ও ভর্তি-সংক্রান্ত আরও খবর পড়তে ভিজিট করুন তথ্য প্রকাশ।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 



















