পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল ফরাজি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য এবং জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়। দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
নিউজ ডেস্ক 



















