শেরপুর জেলার ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনকারী কিশোর-কিশোরীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ে এ অর্জন জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে এ ধরনের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষক, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্তরা গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন।
শেরপুর প্রতিনিধি 




















