সিলেটে নৌযান শুমারি-২০২৬ সফল করতে নৌযানের মালিক, চালক, মাঝি ও নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার সিলেট জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভাণ্ডার গড়ে তোলা, নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব অনেক। এ কারণে শুমারিতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারাদেশে একযোগে নৌযান শুমারি পরিচালিত হবে। শুমারিতে ইঞ্জিনচালিত নৌযানের তথ্যের পাশাপাশি নৌযান পরিচালনার সঙ্গে যুক্ত মালিক, চালক, মাঝি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে।
র্যালিতে বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সিলেট প্রতিনিধি 

















