বিদ্যমান আইন যুগোপযোগী করে নতুন ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্স’ রহিত করে এর অধীনে পরিচালিত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিধান রেখে নতুন আইনটি বাংলায় প্রণয়ন করা হয়েছে। আইনটি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যেই করা হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।
প্রস্তাবিত আইনে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিধানও রাখা হয়েছে।
ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া খসড়া আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার পদ্ধতি নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















