প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিও উঠে আসে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
এ ছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়।
দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক 

















