গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম উপজেলার বড় বনগ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এসআই আজাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি 
















