ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতাভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ যথাসময়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রস্তুত করে পাঠাতে বলা হয়েছে। পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু কিংবা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ভাতার অর্থ নিয়মিত ও নির্ধারিত সময়ে পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 


















