বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ঝিনাইদহে বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সি ফিরোজা সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ‘সামাজিক যোগাযোগমাধ্যম সমাজকে সংযুক্ত করার চেয়ে বিচ্ছিন্ন করছে’—এ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ এবং পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের যুক্তি, পাল্টা যুক্তি ও বক্তব্যে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়। নাটিকায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর সামাজিক প্রভাব তুলে ধরেন অংকুর নাট্য একাডেমির শিল্পীরা।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পথনাটক, বিতর্ক প্রতিযোগিতা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি 


















