মাদারীপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ কক্ষে স্টিলের সুকেসের সামনে থাকা আয়নার কাছে গিয়ে দুই হাতে সুকেসটি ধরেন কলি আক্তার। এ সময় সুকেসে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর প্রতিনিধি 


















