বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করা, অবকাঠামো নির্মাণে জ্বালানি সাশ্রয় এবং মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়।
বৈঠকে পুরোনো সরঞ্জামের পরিবর্তে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোতে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে।
সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার বিষয়েও সুপারিশ করেছে কমিটি। সদস্যরা আশা প্রকাশ করেন, দেশের স্বার্থ ও জনগণের পক্ষে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদেরও স্মরণ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, তিন বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








