বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় থাকা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। জারি করা সরকারি আদেশ অনুযায়ী, অর্থ বিভাগ থেকে জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই নতুন নাম কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নাম পরিবর্তনের কারণে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত পদের সংখ্যা বা ধরনে কোনো পরিবর্তন আসবে না।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে এ-সংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের উল্লেখ রয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









