ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য কেনাকাটার কার্যক্রম উদ্বোধন ও লেনদেন ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে গ্রাহকদের কাছ থেকে কোনো বাড়তি ফি নেওয়া হবে না। এর মাধ্যমে ধীরে ধীরে দেশের সর্বস্তরের মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ ছোট পরিসরে ব্যবসা করা ব্যক্তিরাও কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সহজে অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন আরও দ্রুত ও সহজ হবে।
মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে সময়ের সঙ্গে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।
বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক দেশে এ ধরনের ডিজিটাল লেনদেনকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের মাধ্যমে একটি আধুনিক ও নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক 









