ঢাকার মিরপুর ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
আজ ভবন নির্মাণস্থলে প্রতীকী মাটি কাটার মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধা বাড়াতে ‘দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় মিরপুরে প্রথম ভবনের নির্মাণকাজ শুরু হলো।
অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি পৌঁছালে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট তাকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানায়। পরে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ। এরপর সূচনা বক্তব্য দেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) মো. নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার নূর-এ আসমানি।
পরে প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন বক্তব্য দেন। তিনি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ গণপূর্ত, পিডব্লিউডি ও স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রকল্পের সফল বাস্তবায়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








