‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিমান বাহিনীর কার্যক্রমের ধারাবাহিকতা ও অপারেশনাল সক্ষমতা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার পাশাপাশি সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ও নিরাপদ ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, জনবল ও সংশ্লিষ্ট দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বিমান বাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (CW&IT) পরিদপ্তরের পরিচালক উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তিনি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কার্যক্রম ও তথ্যের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা যাচাইয়ের জন্য কুইজ প্রতিযোগিতা।
এ ছাড়া বিমান বাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের জন্যও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়ক, বিমান সদরের বিভিন্ন পরিচালক এবং বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
















