সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় বিপদে পড়া একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে সেন্ট মার্টিনসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের বোট দেখতে পায়। বোটটির লোকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
খবর পেয়ে টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে উদ্ধার করে। এ সময় বোটটিতে পানি ঢুকতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার কথা বলে প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।
নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশকে পাচারকারী চক্র অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বোটে তোলা হয়।
এদিকে, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প বিকল হয়ে ভেতরে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি 
















