হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৩৮) ঢাকায় অবতরণের পর যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়। এ সময় ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় পর্যাপ্ত ট্রলি না থাকায় যাত্রীদের লাগেজ সংগ্রহে দেরি হয়। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ রয়েছে, তখন আখতারুজ্জামান তার দিকে এগিয়ে গিয়ে অশালীন ভাষায় কথা বলেন এবং হুমকি দেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার পর অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 
















