পাঠাভ্যাস বাড়ানো ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বরগুনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার এ মেলার উদ্বোধন করা হয়।
৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বরগুনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চলবে এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। শনিবার দুপুর ১২টার দিকে মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারিক বিন আনসারী সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেরও ব্যবস্থা রয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলার স্টল খোলা থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।
স্থানীয় পর্যায়ে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনে সহযোগিতা করছে বরগুনা জেলা প্রশাসন। আয়োজকদের আশা, পাঁচ দিনের এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বই পড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ আরও বাড়বে।
বরগুনা প্রতিনিধি 


















