যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ একযোগে দেশের নয়টি জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। রাজধানীর সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাভারের পাশাপাশি টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতেও একই সময়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে মনোযোগী হতে হবে। তিনি প্রশিক্ষণ কার্যক্রমে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।
পাইলট প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে এক সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা, প্রস্তুতি ও জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সক্রিয় সহযোগিতা এবং দায়িত্বশীল অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















