জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় আরও কার্যকর করতে একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ককাসের সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের পরবর্তী সভায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুতি মোকাবিলায় বিভিন্ন সরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।
সভায় সংসদীয় ককাসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি নিয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে ককাসের সদস্যদের অংশগ্রহণ এবং পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়গুলোও আলোচনায় আসে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি নিয়ে আয়োজিত বিভিন্ন কর্মশালায় সংসদীয় ককাসের সদস্যদের আমন্ত্রণ জানানোর বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ককাসের সভাপতি ও সদস্যদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ককাস-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ককাসের সদস্য মো. আমিরুল ইসলাম খান, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. আনোয়ারুল হক, রুমিন ফারহানা ও মারজিয়া বেগম অংশ নেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 















