সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাহিদ হাসান (২৬) সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ব্যক্তি একই এলাকার অমিত হাসান শিপন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, জাকারিয়া হত্যার পর মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে সদর থানা পুলিশ ও ডিবির একটি যৌথ দল শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নাহিদ হাসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকারিয়া খাঁন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এ নিয়ে জাকারিয়া হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি 

















