যশোরের বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ ও পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) প্রস্তুতির অংশ হিসেবে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) আওতাধীন নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ‘অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অঈঈঊঝঝ) বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের বিএলপিএ কম্পোনেন্টের অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম ও বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দরের অবকাঠামো উন্নয়ন, পরিবহন-সংযোগ সম্প্রসারণ ও পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ ও স্থানীয় জনগণের মতামত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি ও নেতিবাচক প্রভাব চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, জমি অধিগ্রহণ-সংক্রান্ত বিষয় এবং পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশগত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে বেনাপোল স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্যিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 


















