শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ঝালকাঠির চার উপজেলায় ১ হাজার ১৭৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিন জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তাঁরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা। মণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপে ৫৪০ জন, নলছিটি উপজেলার ২২টি মণ্ডপে ২০০ জন, রাজাপুর উপজেলার ১৯টি মণ্ডপে ১২০ জন এবং কাঠালিয়া উপজেলার ৪৭টি মণ্ডপে ৩১৯ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এবং পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য। পূজা চলাকালে মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা কাজ করবেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে জেলার চার উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হবে।
আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশ
ঝালকাঠি প্রতিনিধি 





















