হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।
বেবিচকের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থাপিত মনিটরের মাধ্যমে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য মনিটরে সরাসরি সম্প্রচার করা হবে।
এর ফলে যাত্রীরা নিজেদের লাগেজ কীভাবে পরিচালনা করা হচ্ছে, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে, যা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বেবিচক আরও জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম পর্যবেক্ষণের এ ব্যবস্থা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: বিমানবন্দর ও যাত্রীসেবা বিষয়ক খবর | দেশের সর্বশেষ খবর
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 

















