শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা থেকে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রংপুরে পৌঁছে তিনি রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রংপুর থেকে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী
সফরসূচি অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন।
বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামে পৌঁছে তিনি রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
সকালে ঢাকার পূজামণ্ডপ পরিদর্শন
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী। পূজা উদ্যাপনের আনুষ্ঠানিকতা শেষে পরদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।
রংপুর প্রতিনিধি 


















