নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর থেকে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কারখানার প্রস্তুতি হিসেবে আজ শনিবার ওয়াটার ট্রায়াল সম্পন্ন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন—এমনটাই আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ১২৫ দিন আখ মাড়াই কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। এ সময়ে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখ কেনা হবে ৬৫১ টাকায়। অন্যদিকে, আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে প্রতি কুইন্টালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।
চিনিকল সংশ্লিষ্ট এলাকায় এবার প্রায় ১৮ হাজার একর জমিতে আখের আবাদ হয়েছে। উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে ৫ হাজার ৪৫৪ জন আখচাষিকে মোট ২ কোটি ৭১ লাখ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই শুরুর প্রস্তুতির অংশ হিসেবে শনিবার কারখানার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং সম্পন্ন করা হয়। বয়লার থেকে উৎপন্ন বাষ্প ব্যবহার করেই পুরো মৌসুমে আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে।
চিনিকল কর্তৃপক্ষের প্রত্যাশা, নির্ধারিত সময় অনুযায়ী মাড়াই কার্যক্রম শুরু করে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আখচাষিদের উৎপাদিত আখের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
নাটোর প্রতিনিধি 



















