দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি অপসংগঠিত হয়ে দেশের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা ও আদর্শের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, যুবদল বিএনপি পরিবারের অন্যতম প্রধান ও সুশৃঙ্খল সংগঠন। অতীত আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুবদলের এই সংগঠনের নেতাকর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি ও দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা পুরোপুরি বজায় রাখতে হবে। প্রতিমন্ত্রী ৬ বছর আগের এই দিনটির কষ্টের মুহূর্তের কথা স্মরণ করে বলেন, বিগত সরকার আজকের এই দিনে আমার জামিন বাতিল করে আমাকে কারাগারে প্রেরণ করেছিল। কিন্তু আজকের এই দিনে আল্লাহর রহমতে আমি সরকারের একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এজন্য তিনি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
বিরোধী দলের নীতিগত অবস্থানের সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সংসদের ভেতর এক কথা বলে আর বাইরে গিয়ে তার ঠিক বিপরীত অবস্থান নেয়। দেশের সাধারণ জনগণ তাদের এই দ্বিমুখী আচরণ ও দ্বিচারিতার রাজনীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত শাসনামলগুলোতে দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বর্তমানে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, তাতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৎকালীন স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 




















