অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা, চিকিৎসা এবং প্রশিক্ষণের মাধ্যমে সমাজের আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা না করে ভালোবাসা, যত্ন, মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে সুপ্ত প্রতিভা ও অসীম সম্ভাবনা। এসব প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
পথশিশু ও ভিক্ষাবৃত্তিতে জড়িত শিশুদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, এসব শিশুকে পুনর্বাসনের আগে সাইকোসোশ্যাল মোটিভেশনের আওতায় আনতে হবে। তাদের মানসিক প্রস্তুতি ও ইতিবাচক মনোভাব তৈরির মাধ্যমে পুনর্বাসনের কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, কোনো শিশু যেন পরিচয়, পারিবারিক অবস্থা কিংবা আর্থসামাজিক প্রতিবন্ধকতার কারণে উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এ পরিদর্শন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শিশুদের সেবার মান আরও উন্নত করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রে পৌঁছালে নিবাসী শিশুরা ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরে কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে শিশুদের উদ্যোগে প্রকাশিত দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এবং শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও পুনর্বাসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেন্দ্রের নিবাসী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিশুরা নিজেদের হাতে পুঁতি দিয়ে তৈরি তাজমহলের একটি দৃষ্টিনন্দন শোপিস মন্ত্রীকে উপহার দেয়। শিশুদের সৃজনশীলতা ও নান্দনিক কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবওদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
চট্টগ্রাম প্রতিনিধি 



















