‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার এবং জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যুবসমাজই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি। বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রহণ করে যুবকেরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবকের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়। একই সঙ্গে সফল সাতজন যুব সংগঠকের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি 









