ফেনীর মহিপাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানাধীন মধ্যম চাড়িপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে রয়েছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 

















