সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজম আলীর বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনতার হাতে আটক থাকা দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ও মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুমারদান গ্রামের রুয়েল নুর ও সোনারা বেগমের ছেলে সোহেল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২০ বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY (৩৭৫ মিলি) এবং ১ বোতল ICE VODKA (৩৭৫ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধার করা ২১ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত সাদা-কালোসহ বিভিন্ন রঙের একটি নম্বরবিহীন DISCOVER মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৯, তারিখ ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ)/৩৮/৪১ উপধারায় রুজু করা হয়েছে।
ছাতক থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ৬ নভেম্বর যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 

















