ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবার সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দিবসটি উপলক্ষে প্রথম দিনে রয়েছে নানা আয়োজন। সকাল ১০টায় জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। সকাল ১১টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে নিউমার্কেট চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
এ ছাড়া বিকেল ৩টায় রিজার্ভ বাজার ক্রীড়া পরিষদের আয়োজনে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, জেলার ১০টি উপজেলাতেও পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজন সফল করতে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির পাশাপাশি রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগেও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের আয়োজন রয়েছে।
আরও পড়ুন: “সর্বশেষ সংবাদ ও স্থানীয় খবর“
রাঙামাটি প্রতিনিধি 


















