চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরে ১১-১২ জনের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হলেও প্রশাসনের নজরে বিষয়টি আগে আসেনি কেন—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গত ৮ নভেম্বর ভোরে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ওয়াসিম আল ইমনের নেতৃত্বে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগেও বোয়ালখালীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের অভিযোগ উঠেছিল। তবে সেসব ঘটনা প্রশাসনিক কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটেছে বলে জানা যায়। কিন্তু এবার খোদ থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরে মিছিলের ঘটনায় প্রশাসনের আগাম গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানা যুবদল নেতা আবদুস সালাম ছোটন বলেন, “আগের মিছিলগুলো প্রশাসনিক কেন্দ্র থেকে দুই-চার কিলোমিটার দূরে হওয়ায় হয়তো প্রশাসন তাৎক্ষণিক খবর পায়নি। কিন্তু এবার তো তাদের নাকের ডগায় মিছিল হয়েছে! প্রশাসন কি জানে?”
তার এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। প্রকাশ্যে এমন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এদিকে, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিছিলের ভিডিও পাওয়ার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
তবে স্থানীয়দের প্রশ্ন, শুধু ভিডিও সংগ্রহ ও পরিচয় শনাক্তের মধ্যেই কি প্রশাসনের দায়িত্ব সীমাবদ্ধ থাকবে? মিছিলের আয়োজক, পরিকল্পনাকারী ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইন অনুযায়ী কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য চান তারা।
স্থানীয়দের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও তৎপরতা বাড়াতে হবে।
সব মিলিয়ে বোয়ালখালীর আলোচিত এই মিছিল ঘিরে এখন মূল প্রশ্ন—থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরে এমন একটি মিছিল অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এল না কেন? প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 



















