সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোছবাড়ী গ্রামে নিজের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা রাজা মিয়াকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত ৮ নভেম্বর দুপুরে কোছবাড়ী গ্রামে রাজা মিয়ার বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজা মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করেন। একই সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে মো. আলকাছ মিয়ার বিরুদ্ধেও একাধিক মামলার আসামি হওয়া এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন স্থানীয়রা।
এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের প্রাথমিক অনুসন্ধানে রাজা মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পূর্ণাঙ্গ তদন্ত, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
📺 বিক্ষোভের ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
👉 “ভিডিও দেখতে এখানে ক্লিক করুন”
অভিযোগের বিষয়ে রাজা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে আদরের। আমিও আমার প্রতিবন্ধী মেয়েকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের জঘন্য কাজে জড়িত নই।”
তিনি আরও বলেন, “প্রত্যেক বাবা যেন নিজের মেয়েকে সামনে রেখে বিষয়টি বিবেচনা করেন। তাহলেই বুঝতে পারবেন, একজন বাবার কাছে মেয়ের ভালোবাসা কতটা গভীর।”
রাজা মিয়া অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগের ক্ষেত্রে সামাজিক চাপ, পক্ষপাত কিংবা আবেগের বশবর্তী না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে কথিত ভুক্তভোগীর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার আইনগত অধিকার রক্ষা করা জরুরি।
এ ঘটনায় কোছবাড়ী গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 




















