এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ পিছিয়ে রয়েছে আরও দুই পয়েন্টে।
মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। স্বাগতিকদের হয়ে প্রথমে গোল করেন জুলিয়ানো সিমিওনে। প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনাকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।
নিজেদের সেরা ছন্দে না থেকেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাথলেটিকো। এবারের জয়ের মধ্য দিয়ে সেই পরাজয়ের কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল কাতালানরা।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং দলের প্রত্যাবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই গোলের নায়ক ফারমিন লোপেজ।
তিনি বলেন, গত মৌসুমের অভিজ্ঞতা থেকে অ্যাথলেটিকোর খেলার ধরন সম্পর্কে তাদের ধারণা ছিল। তাই ম্যাচটি কঠিন হবে, সেটিও আগে থেকেই জানতেন তারা। প্রতিপক্ষের প্রথম গোলের পর পরিস্থিতি জটিল হয়ে উঠলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে দলের মধ্যে আত্মবিশ্বাস ছিল।
সম্প্রতি পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সমালোচনার মুখে পড়েছিল হান্সি ফ্লিকের দল। তবে অ্যাথলেটিকোর মাঠে এই জয় বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফ্লিক বলেন, এ ধরনের কঠিন ম্যাচ জেতার সামর্থ্য তার দলের রয়েছে এবং খেলোয়াড়দের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
অন্যদিকে হারের পরও নিজের দলের খেলায় সন্তুষ্ট অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তাঁর মতে, পরিকল্পনা অনুযায়ীই খেলেছে দল। তবে দলটির আরও উন্নতির সুযোগ রয়েছে এবং কয়েকজন খেলোয়াড়ের নিজেদের সামর্থ্য বাড়াতে হবে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম দিকেই উভয় দল একবার করে গোলপোস্টে বল লাগায়।
বার্সেলোনার হয়ে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তাঁর পাস থেকে পেদ্রির নেওয়া জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।
অন্যদিকে অ্যাথলেটিকোর আক্রমণে ছিলেন জুলিয়ান আলভারেজ। বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে একা পেয়েও তাঁকে পরাস্ত করতে পারেননি তিনি। পরে কর্নার থেকে অ্যাথলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
১০ মিনিটে অবশ্য আর ভুল করেনি স্বাগতিকরা। আলভারেজের বাড়ানো বল থেকে কাছের পোস্টে শট নিয়ে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।
এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে অ্যাথলেটিকো। আলভারেজের একটি প্রচেষ্টা আটকে দেন বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়া। অন্যদিকে শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে সফরকারীরা। বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারানোর পর ফিরতি বল পেয়ে দ্রুত শট নেন ফারমিন লোপেজ। অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় অ্যাথলেটিকো। গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান আলভারেজ। তাঁর এই ব্যর্থতা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।
এর কিছুক্ষণ পরই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। ৬৬ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাস অ্যাথলেটিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় ফারমিন লোপেজের কাছে। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই মিডফিল্ডার।
চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি লোপেজের সপ্তম গোল। তাঁর জোড়া গোলেই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দিনের অন্য ম্যাচগুলোতেও জয় পেয়েছে কয়েকটি দল। চতুর্থ স্থানে থাকা রিয়াল বেতিস ২-০ গোলে এলচেকে হারিয়েছে। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে পরাজিত করেছে রায়ো ভায়েকানোকে।
এ ছাড়া গেতাফেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। সেল্টা ভিগো ও লেভান্তের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সব মিলিয়ে অ্যাথলেটিকোর মাঠে বার্সেলোনার এই জয় শিরোপার দৌড়ে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
আরো পড়ুন:
খেলাধুলা ডেস্ক 























