রাজধানীর চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের গাড়ির সামনেই বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ জানান, শহীদুল্লাহ হলের পেছনে চানখারপুল এলাকায় কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশের গাড়ির সামনেই বিস্ফোরণটি ঘটেছে।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে প্রাথমিক তথ্যে একজন পথচারী আহত হওয়ার কথা জানা গেছে। আহতদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
একের পর এক বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
চানখারপুলের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে অন্য ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর সর্বশেষ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন তথ্য প্রকাশ-এ।
নিজস্ব প্রতিবেদক 


















