মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন ৭৫ বছর বয়সী হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদার।
জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের বাসিন্দা হাবুল শিকদারের সঙ্গে প্রতিবেশী কামাল মালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
হাবুল শিকদারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে ফাঁসাতে গত ২ অক্টোবর ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। এরপর গত ৫ অক্টোবর বিকেলে অর্ধশতাধিক লোক তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পৃথক আবেদন করেন তিনি। আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনে সিআইডি বা পিবিআইয়ের মাধ্যমে অধিকতর তদন্তের দাবি জানানো হয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তাঁদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।
অন্যদিকে ধর্ষণচেষ্টা মামলার বাদী মারিয়া অভিযোগের সত্যতা দাবি করেছেন। তিনি বলেন, হাবুল শিকদারের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। তবে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁরা জড়িত নন; স্থানীয় লোকজন এসব করেছে বলে তাঁর দাবি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্য কোনো সংস্থা তদন্তের দায়িত্ব পেলে পুলিশ সহযোগিতা করবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।
আরও পড়ুন:
মাদারীপুর প্রতিনিধি 























