চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়ে দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভার ব্রিজ চালু হয়েছে। নবনির্মিত এই সেতুটিকে চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ হিসেবে অভিহিত করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় লালখান বাজার মোড়সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি হলো—‘কথা কম, কাজ বেশি’। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই চট্টগ্রামকে বদলে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।
নবনির্মিত ফুটওভার ব্রিজ চালুর মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়া হলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন।
এ সময় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে চট্টগ্রামে দলের নেতাকর্মীরাই তা প্রতিহত করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবিতে বর্তমান প্রধান অতিথির নেতৃত্বেই একসময় এখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হয়েছে।
তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। এসব মেগা প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, বিগত সাড়ে ১৭ বছর অনিয়মই ছিল নিয়ম। খাল-নালা দখল করে জোরপূর্বক মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামকে পরিকল্পিত, সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এসব অনিয়ম আর চলতে দেওয়া যাবে না।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত ফুটওভার ব্রিজটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের সুবিধার্থে সেতুটিতে ওঠানামার জন্য তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। দীর্ঘদিন নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় এখানে একাধিক দুর্ঘটনা ঘটে।
২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তাঁর মেয়ে সায়কা আহত হন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন এক তরুণী।
এসব দুর্ঘটনার পর এলাকায় নিরাপদ পারাপারের দাবি আরও জোরালো হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও খবর পড়ুন: তথ্য প্রকাশ | Tottho Prokash
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















