কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেন।
রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম প্রতিনিধি 
























