ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম মনোনীত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এ্যাব চট্টগ্রাম।
এ উপলক্ষে আইইবির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যদের উদ্দেশে একটি ধন্যবাদপত্র পাঠানো হয়েছে। নবনির্বাচিত প্যানেলের পক্ষে ওই চিঠিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
ধন্যবাদপত্রে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টা ও আন্তরিক দায়িত্ব পালনের ফলে প্রকৌশলীরা একটি উৎসবমুখর, অবাধ ও স্বচ্ছ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করায় কমিটির প্রতিটি সদস্য প্রশংসা ও ধন্যবাদের দাবিদার।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির দক্ষ পরিচালনায় প্রকৌশল সমাজের প্রত্যাশা ও রায় নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্জিত জনসমর্থন নবনির্বাচিত প্যানেলকে আগামী দিনে আইইবিকে আরও গতিশীল, কার্যকর ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে অনুপ্রাণিত করবে।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এ্যাব চট্টগ্রামের পক্ষ থেকে বলা হয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি প্রকৌশলী সমাজে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 




















