চট্টগ্রামের রেলপথে যাত্রীসেবার মান ও পরিধি বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন করে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন ট্রেনগুলোর চলাচল উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নতুন চালু হওয়া চারটি ট্রেনের নামকরণ করা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ সংযুক্ত করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।
পাঁচটি শোভন শ্রেণির কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। পাশাপাশি এসএলআর কোচে রয়েছে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য মোট আসনসংখ্যা ৩৩৪টি।
চারটি ট্রেনের সময়সূচি
রেলওয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম–নাজিরহাট রুটে প্রতিদিন দুই জোড়া ট্রেন চলাচল করবে। সময়সূচি হলো—
১. ট্রেন নম্বর ২২২: নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে।
২. ট্রেন নম্বর ২২১: চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
৩. ট্রেন নম্বর ২২৪: নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে।
৪. ট্রেন নম্বর ২২৩: চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
নতুন ট্রেন চালুর পাশাপাশি এ রুটে যাতায়াতের ভাড়াও বাড়ানো হয়েছে। আগে যেখানে জনপ্রতি ভাড়া ছিল ১২ টাকা, সেখানে এখন নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রেলওয়ে কর্মকর্তাদের আশা, নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পরিধি বাড়ার পাশাপাশি রেলের আয়ও বৃদ্ধি পাবে।
নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এ রুটে রেল যোগাযোগ আরও সম্প্রসারণের দাবি উঠেছে। যাত্রীদের প্রত্যাশা, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
তাঁদের মতে, এ রেলপথ সম্প্রসারিত হলে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
যাত্রীদের প্রত্যাশা, নতুন ট্রেন চালুর এই উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে রেল যোগাযোগের পরিধি আরও বাড়ানো হবে। এতে ফটিকছড়িসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















