শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও আলোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা ও সরকারি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
শেরপুর প্রতিনিধি 




















