কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো অর্থনীতি, আইন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)। চলতি শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোর একাডেমিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
নতুন বিভাগগুলোর জন্য ১৮টি শিক্ষক পদ ও ৬টি কর্মচারী পদসহ মোট ২৪টি পদের অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সময়ের চাহিদা ও আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইইই বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্থনীতি ও আইন বিভাগেরও অনুমোদন দেওয়া হয়েছে।
ইউজিসির এই সদস্য আরও জানান, নতুন তিনটি বিভাগ চালুর অনুমোদনসংক্রান্ত খসড়ায় আগের দিনই স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।
নতুন বিভাগগুলো চালু হলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে। এতে বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন নতুন একাডেমিক ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের সময়সীমাও ঘোষণা করেছেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মোট ৯৯ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন তিনটি বিভাগের অনুমোদন এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের সময়সীমা ঘোষণাকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিশ্ববিদ্যালয় ও ইউজিসি সূত্রে প্রাপ্ত তথ্য।
কিশোরগঞ্জসহ দেশের শিক্ষা খাতের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ-এ।
কিশোরগঞ্জ প্রতিনিধি 



















