দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় ছাপানো হচ্ছে না। আগের নকশা ও ডিজাইনেই এই নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে বাজারে নতুন নোট সরবরাহের কার্যক্রম পিছিয়ে যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে নোট পরিবহন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে নতুন নোট ছাপানোর প্রক্রিয়াও বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে মুদ্রণ কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন নোটগুলো বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। ফলে ব্যাংক থেকে টাকা উত্তোলন কিংবা অন্যান্য লেনদেনের সময় গ্রাহকেরা নতুন নকশার নোট সংগ্রহের সুযোগ পাবেন।
নতুন ২০ ও ৫০ টাকার নোট বাজারে আসার খবরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন নকশার নোট কেমন হবে এবং কবে থেকে ব্যাংকগুলোতে পাওয়া যাবে, তা নিয়ে কৌতূহল রয়েছে গ্রাহকদের।
অর্থনীতি, ব্যাংকিং ও মুদ্রাবাজারের সর্বশেষ খবর জানতে নিয়মিত চোখ রাখুন তথ্য প্রকাশ-এ।
নিজস্ব প্রতিবেদক 


















